দিরাইয়ে মাদক, অসামাজিক কার্যকলাপ ও কথিত পতিতালয় বন্ধের দাবিতে মানববন্ধন : ৫ দফা দাবি পেশ
- আপডেট সময় : ০৯:৩০:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি, তৌফিকুর রহমান তাহের : সুনামগঞ্জের দিরাইয়ে মাদক, অসামাজিক কার্যকলাপ ও কথিত পতিতালয় বন্ধসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় একটি সামাজিক সংগঠন।
আজ ৬ অক্টোবর কর্মসূচিতে অসামাজিক কর্মকাণ্ড উচ্ছেদের পাশাপাশি পুলিশি অভিযান ঘিরে অনিয়ম, হয়রানিমূলক মামলা এবং সাধারণ মানুষের বাড়িঘরে তল্লাশির অভিযোগ তুলে পাঁচ দফা দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দিরাইয়ের ‘বিনার বাড়িতে’ অসামাজিক কর্মকাণ্ড ও কথিত পতিতালয় পরিচালনা করা হচ্ছে। এর নেপথ্যে জড়িত অভিযোগকারীসহ দুই নারী ও দুই পুরুষের ভূমিকা সুষ্ঠু তদন্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, অসামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার দায়ে স্থানীয় জনতা যাদের আটক করেছিল, তাদের থানায় না নিয়ে পথেই ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় দায়িত্বে থাকা ডিউটি অফিসার শাহ আলমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তার উপযুক্ত জবাবদিহিতা নিশ্চিত করার জোর দাবি জানান তারা। একইসঙ্গে কোনো আইনানুগ প্রক্রিয়া বা বৈধ নোটিশ ছাড়াই সংগঠনের কয়েকজন সদস্যের বাড়িতে অনধিকার প্রবেশ ও তল্লাশির নামে হয়রানির বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়।
অন্যদিকে, রনি বৈদ্য কর্তৃক সংগঠনের তিন সদস্য ও তিন সাংবাদিকসহ মোট ছয়জনের বিরুদ্ধে থানায় দায়ের করা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক আখ্যা দেন আন্দোলনকারীরা। অবিলম্বে এই ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আটকে পড়া দুই নারী, রনি বৈদ্য ও লিটনসহ অসামাজিক কর্মকাণ্ডের নেপথ্যে থাকা তথাকথিত ‘কালো শক্তি’কে চিহ্নিত করতে হবে।
কর্মসূচিস্থলে পুলিশের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়ে সাব-ইন্সপেক্টর (এসআই) আসাদুল ইসলাম আন্দোলনকারীদের পাঁচ দফা দাবি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি রনি বৈদ্যের দায়ের করা অভিযোগটি প্রত্যাহারের বিষয়েও কার্যকর উদ্যোগ নেয়ার কথা জানান তিনি।
সমাবেশ থেকে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দিরাইকে মাদকমুক্ত ও অসামাজিক কার্যকলাপ থেকে মুক্ত করতে হলে কেবল দৃশ্যমান ব্যক্তিদের ধরলেই চলবে না; নেপথ্যে থাকা মূল কারিগরদেরও তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে।
তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগের বিষয়ে রনি বৈদ্যসহ সংশ্লিষ্ট অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে নেওয়া সম্ভব হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


















