অনুমোদনহীন স্লীপার বাসের বিরুদ্ধে অভিযানে ৫ বাসকে ৮৫ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৯:০৮:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনুমোদনহীন, ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহারকারী এবং নির্ধারিত কাঠামো পরিবর্তন করে চলাচলকারী বাসের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে নিয়মবহির্ভূত পাঁচটি বিলাসবহুল এসি স্লিপার বাসকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টা থেকে শুক্রবার ভোর ৪টা পর্যন্ত হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ও বিআরটিএ কুমিল্লা জোনের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, বিআরটিএ কুমিল্লা জোনের সহকারী পরিচালক ফারুক আহমদ, ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ইনচার্জ) রুহুল আমিন এবং মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন কুমার।
অভিযান চলাকালে বিআরটিএর অনুমোদিত নকশা ও কাঠামো পরিবর্তন করে চলাচল করায় এভারগ্রিন, গোল্ডেন লাইন, ইম্পেরিয়াল, নীলাচল ও গ্রিন লাইন পরিবহনের পাঁচটি বিলাসবহুল এসি স্লিপার বাসের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। এসব বাসকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া গত ১৫ অক্টোবর সেন্টমার্টিন স্কয়ার, বেসাল পরিবহন, দোয়েল এক্সপ্রেস ও রয়েল কোচ পরিবহনের আটটি বিলাসবহুল এসি স্লিপার কোচের কাঠামো পরিবর্তন করে চলাচলের অভিযোগে অভিযান চালিয়ে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার নির্ধারিত নিয়মের বাইরে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















