চিরিরবন্দরে ধান ক্ষেতে পড়েছিল গলায় গামছা পেঁচানো ভ্যানচালকের মরদেহ
- আপডেট সময় : ০১:০৬:০৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে মোকছেদুল (৫২) নামে এক অটো ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় গামছা পেঁচানো ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে হত্যা করে অটো ভ্যানটি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
আজ সোমবার ৫ অক্টোবর ভোর ৬টার দিকে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিতবাটি গ্রামের ফুলটঙ্গী ঈদগাহ মাঠসংলগ্ন শফিউদাদিনের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোকছেদুল উপজেলার ইছামতি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে অটো ভ্যান নিয়ে ভাড়ায় বের হন মোকছেদুল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার ভোরে ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি মো. মাহমুদুন নবী বলেন, নিহতের গলায় গামছা পেঁচানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, রোববার বিকেল থেকে সোমবার ভোরের মধ্যে অজ্ঞাত অপরাধীরা তাকে হত্যা করে অটো ভ্যান নিয়ে পালিয়ে গেছে।
তিনি বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।



















