ডেঙ্গুমুক্ত কুমিল্লা গড়তে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
- আপডেট সময় : ১০:২৯:১৪ অপরাহ্ণ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ, শনিবার ১৮ অক্টোবর সকালে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন সার, নির্বাহী প্রকৌশলী সায়েম ভূঁইয়াসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
কর্মসূচির আওতায় নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হবে। বিশেষ করে বাড়িঘর, আশপাশের এলাকা ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের সচেতন ও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানান, একটি সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে। ডেঙ্গুর বিস্তার রোধে নগরবাসীর সম্মিলিত অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নগরবাসী নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন, সুস্থ ও ডেঙ্গুমুক্ত কুমিল্লা গড়ে তোলার প্রত্যয় নিয়ে শুরু হয়েছে মাসব্যাপী এ কর্মসূচি।




















