রাজিবপুরে নিজ ইউনিয়ন ভূমি অফিসে বদলি, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা
- আপডেট সময় : ০৯:৫৬:৪২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার ৩ নম্বর মোহনগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহসিলদার) আব্দুস সালাম ওরফে রঞ্জু তহসিলদারকে বদলি করা হয়েছে।
তিনি ওই ইউনিয়নেরই বাসিন্দা হওয়ায় এবং সেখানে তার ও পরিবারের সম্পত্তি থাকায় এ বদলি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
আজ ৮ অক্টোবর জেলা প্রশাসক, কুড়িগ্রাম এই বদলীর আদেশ জারি করেছে। এর আগে তিনি উপজেলার কোদাল কাটি ইউনিয়ন ভূমি অফিস. কর্মরত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, তহসিলদার আব্দুস সালামের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ঘুষ ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ সব অভিযোগের কারণে তিনি বিভিন্ন এলাকার ভূমি অফিসে দায়িত্ব পালন করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হয়েছেন বলেও দাবি স্থানীয়দের। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
জানা গেছে, আব্দুস সালামের জন্ম ও বেড়ে ওঠা মোহনগঞ্জ ইউনিয়নে। ওই ইউনিয়নেই তার ও পরিবারের একাধিক সম্পত্তি রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এসব সম্পত্তি যে ভূমি অফিসের আওতাধীন, সেই অফিসেই তাকে দায়িত্ব দেয়ায় স্বার্থের সংঘাতের সম্ভাবনা রয়েছে কি না—এ নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।. এছাড়া গত বছর ঘুষের টাকা লেনদেনের ভিডিও প্রকাশ হলে তাকে কুড়িগ্রামে ওএসডি করে নেয়া হয়েছিল।
স্থানীয়দের দাবি, একজন ভূমি কর্মকর্তার নিজ ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে তার নিজের ও পরিবারের সম্পত্তি সংশ্লিষ্ট অফিসের আওতায় থাকলে বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা প্রয়োজন।



















