রাজিবপুরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
- আপডেট সময় : ০৯:০৯:৫৭ অপরাহ্ণ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ম.ন.ফ. বিদ্যুৎ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ৯ অক্টোবর বিকেল ৫টার দিকে উপজেলার বালিয়ামারী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলার বাসিন্দা সুমা আক্তারের সঙ্গে বিদ্যুৎ সরকারের বিয়ে হয়েছিল। অভিযোগ অনুযায়ী, সুমা আক্তারকে গোপনে তালাক দেওয়ার পরও তাঁর সঙ্গে সংসার চালিয়ে যান বিদ্যুৎ সরকার। তাঁদের দাম্পত্য জীবনে এক সন্তানের জন্ম হয়।
এদিকে, তালাকের বিষয়টি গোপন রেখে বিদ্যুৎ সরকার ঢাকায় জুঁই নামের এক নারীকে বিয়ে করেছেন বলেও জানা গেছে। ওই নারী নারিকেল তেল উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের মালিক বলে উল্লেখ করা হয়েছে।
পরে গোপনে তালাক দেওয়ার বিষয়টি জানতে পেরে বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন তাঁর সাবেক স্ত্রী সুমা আক্তার। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার বিদ্যুৎ সরকারের বয়স ৩০ বছর। তিনি রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের জাউনিয়ার চর মিয়াপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
এ বিষয়ে রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আলম বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এজাহারভুক্ত আসামি বিদ্যুৎ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, এ ঘটনায় দায়ের করা মামলার অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে অভিযুক্তকে দোষী হিসেবে গণ্য করা যাবে না।



















