দুর্গাপূজা উপলক্ষে তেঁতুলিয়ার ১০ পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান
- আপডেট সময় : ০৮:৫৫:৩৫ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ১০টি পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার ১৯ অক্টোবর বিকেলে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের উদ্যোগে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে এ অনুদান বিতরণ করা হয়। প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
অনুদান বিতরণকালে সংশ্লিষ্ট পূজামণ্ডপের আয়োজক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির সদস্য, সনাতন ধর্মাবলম্বী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় আয়োজক ও স্থানীয় নেতৃবৃন্দ বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি ও ভ্রাতৃত্বেরও উৎসব। সকলের সহযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে তেঁতুলিয়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন সম্ভব হবে।
তারা আরও বলেন,প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের এ অনুদান পূজামণ্ডপগুলোর আয়োজনে সহায়ক হবে। এ ধরনের সহযোগিতা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।
অনুদান পেয়ে বিভিন্ন পূজামণ্ডপের আয়োজকরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, অনুদানের অর্থ পূজা আয়োজনের বিভিন্ন কাজে ব্যয় করা হবে। সরকারের পক্ষ থেকে এমন সহযোগিতা পেয়ে আমরা আনন্দিত ও কৃতজ্ঞ।
এদিকে, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে তেঁতুলিয়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।



















