কুমিল্লায় বিশ্ব শিশু দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন
- আপডেট সময় : ০৪:০৬:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার ৬ অক্টোবর সকালে কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিসিসির মাধ্যমে কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপস্থিত অতিথি ও শিশুদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় প্রধানমন্ত্রী শিশুদের অধিকার, মানসম্মত শিক্ষা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। শিশুদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মিস রোজী আকতার, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুলতানা রাজিয়াসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং শিশু শিক্ষার্থীরা।
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষেও অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচির মধ্য দিয়ে শিশুদের সুরক্ষা, বিকাশ ও অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, শিশু শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শিশুদের জন্য নিরাপদ, সুন্দর ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়ে তাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।



















