শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চামরদানী ইউনিয়নবাসীকে এম শহীদের শারদীয় শুভেচ্ছা
- আপডেট সময় : ০২:০২:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ঐতিহ্যবাহী চামরদানী ইউনিয়নবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম শহীদ।
দুর্গাপূজা উপলক্ষে তিনি চামরদানী ইউনিয়নের ৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ও পূজার প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা উদযাপনে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এম শহীদ পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলে যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এম শহীদ মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম সবুজ মিয়ার জ্যেষ্ঠ সন্তান এবং চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের কৃতী সন্তান। স্থানীয় সাধারণ ভোটারদের মধ্যেও তিনি ইতোমধ্যে নিজের অবস্থান তৈরি করেছেন বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এম শহীদ বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির সার্বজনীন উৎসব। সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে সবাই মিলে উৎসবটি উদযাপন করতে হবে। তিনি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চামরদানী ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপের সার্বিক সহযোগিতায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



















